
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ, এমপি।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় বোদা পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ টন চাল এবং প্রত্যেক পরিবারকে একটি করে ছাগল বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকার দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট ঘোষণা করেছে। বিরোধী দল এটিকে ‘স্বপ্নের বাজেট’ বললেও উন্নয়নের জন্য স্বপ্ন থাকা জরুরি। তিনি বলেন, এবারের বাজেটে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়নি। বরং তামাক, সিগারেট ও মদের মতো ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি করা হয়েছে। তাই এটি একটি জনবান্ধব বাজেট।
বিবার্তা/গোফরান বিপ্লব/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]