শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৩:২৭
শেরপুরে ৩৩ টন সরকারি চাল জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুর শহরে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ৩৩ টন সরকারি চাল জব্দ করেছে প্রশাসন।


বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গুদামে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়।


এ ঘটনায় গুদামের মালিক বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ। তিনি শেরপুর শহরের কসবা-কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে।


থানা পুলিশ সূত্রে জানা গেছে, চাপাতলী মহল্লায় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়।


অভিযানে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা। এ সময় সরকারি খাদ্যগুদামের সিলযুক্ত চলতি জুন মাসের বরাদ্দের বিপুল পরিমাণ খালি বস্তাও উদ্ধার করা হয়েছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার রাতে শেরপুর সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার এবং গুদামের মালিককে আটক করা হয়। চালের পরিমাণ বেশি হওয়ায় এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, জেবীন রাইস প্রসেসিংয়ের গুদামে সরকারি ৩০ কেজির বস্তা থেকে চাল সাধারণ বস্তায় স্থানান্তরের সময় মালিককে হাতেনাতে আটক করা হয়। পরে সেখান থেকে ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। এ ছাড়া ২০২৪ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ের সরকারি খাদ্যগুদামের বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com