দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে: ত্রাণমন্ত্রী
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৫:৪৩
দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে: ত্রাণমন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার সম্পন্ন করা হবে। এমন নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা নেই।


বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নন্দিনীর বাড়িতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনে থেকে আমাদের নির্দেশ দিয়েছেন, নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন, তা করতে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে জেলার তিনজন সংসদ সদস্য ও শীর্ষ কর্মকর্তারা এসেছি।


তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আমি যতদূর শুনেছি, গ্রেফতার করা ব্যক্তিরা হত্যার দায় স্বীকার করেছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা রয়েছে, তা সম্পন্ন করে চার্জশিট দিয়ে দ্রুত নন্দিনী হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন করা হবে। যারা এতটুকু একটা শিশুকে হত্যা করতে পারে, তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে উদাহরণ হয়ে থাকে, এমন কাজে আর কেউ যুক্ত হতে সাহস না করে।


তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছিলেন। তারা আসামি গ্রেফতার করে শান্তিপূর্ণভাবে ফিরছিলেন। সেই শান্তিপূর্ণ পরিবেশে কার ইন্ধনে, কার উসকানিতে, কার প্ররোচনায় প্রশাসনকে আক্রমণ করা হলো? এটি আর একটি অপরাধ। আইন হাতে তুলে নিয়েছে তারা। এটাতে কারো উসকানি আছে কি না, সেটিও পুলিশ তদন্ত করে দেখছে। সাধারণ মানুষ, যারা এ ঘটনায় জড়িত নয়, তারা নিশ্চিন্তে বাড়িতে থাকবে। কিন্তু যারা ক্রিমিনাল, যারা প্রশাসনকে আক্রমণ করে মব সৃষ্টি করে, তারা অপরাধী। আমরা বলেছি, যারা এ অপরাধের সঙ্গে জড়িত, তাদের গ্রেফতার করতে হবে।


গত মঙ্গলবার সকালে বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে সাত বছরের শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ মামলায় গ্রেফতার বিধান চন্দ্র দায় হত্যার স্বীকার করেছেন।


বৃহস্পতিবার নন্দিনীর পরিবারের কাছে যান ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, সমবেদনা জ্ঞাপন করে এ হত্যার দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দেন।


বিবার্তা/হাসানুজ্জামান/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com