সলঙ্গার রয়েল রূপালী হোটেলে বাসি খাবার বিক্রির অভিযোগ
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:৩২
সলঙ্গার রয়েল রূপালী হোটেলে বাসি খাবার বিক্রির অভিযোগ
সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের সলঙ্গায় নাটোর-বনপাড়া মহাসড়কের পাশে অবস্থিত রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্ট'-এ যাত্রীদের জিম্মি করে বাসি-পচা খাবার পরিবেশন ও অতিরিক্ত মূল্য আদায়ের তীব্র অভিযোগ উঠেছে। দূরপাল্লার পরিবহনের যাত্রীরা নিরুপায় হয়ে এই হোটেলে খেতে বাধ্য হলেও, খাবারের নিম্নমান এবং স্টাফদের দুর্ব্যবহারে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।


​সরেজমিনে এবং ভুক্তভোগী যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস ১৫-২০ মিনিটের বিরতির জন্য এই হোটেলটিতে থামে। বাসের যাত্রীরা তাড়াহুড়ো করে খেতে বসলে তাদের সামনে আগের দিন বা তারও আগের বেঁচে যাওয়া বাসি, দুর্গন্ধযুক্ত এবং পচা খাবার পরিবেশন করা হচ্ছে। মাংস এবং তরকারি থেকে অনেক সময় টক ও দুর্গন্ধ বের হওয়ার অভিযোগও করেছেন একাধিক যাত্রী।


​ভুক্তভোগী নাসরিন আক্তার এক বাস যাত্রী বলেন, বাস এখানে থামানোর পর বাধ্য হয়েই খেতে ঢুকেছিলাম। কিন্তু যে ভাত এবং তরকারি দেওয়া হয়েছে, তা মুখে দেওয়ার মতো নয়। তরকারি থেকে স্পষ্ট পচা গন্ধ আসছিল। প্রতিবাদ করায় হোটেলের ম্যানেজার ও স্টাফরা উল্টো আমাদের সাথে চরম দুর্ব্যবহার করে।


বাসযাত্রী আরমান হোসেন বলেন, এই হোটেলে প্রতিটি খাদ্যপণ্যের দাম রাখা হচ্ছে সাধারণ বাজারের চেয়ে দ্বিগুণ। সাধারণ মানের এক প্লেট ভাত ও মাংসের দাম রাখা হচ্ছে চড়া, যা সাধারণ যাত্রীদের পকেট কাটার শামিল। মেন্যু কার্ড বা মূল্য তালিকা প্রদর্শন না করেই ইচ্ছেমতো বিল চাপিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে এই হোটেলের বিরুদ্ধে।


আরেক যাত্রী বলেন,খাবার খাওয়ার আগে খাবারের মেনু চাইলে বলে সমস্যা নাই, খাবার খান কম করে নেবেনে। পরে বিল দিতে গিয়ে দেখি চরা দামে বিল করছে।


​অভিযোগ রয়েছে, দূরপাল্লার কিছু বাসের চালক ও সুপারভাইজারদের বিনামূল্যে উন্নতমানের খাবার এবং নির্দিষ্ট কমিশনের লোভ দেখিয়ে সাধারণ যাত্রীদের এই পচা ও ব্যয়বহুল হোটেলে খেতে বাধ্য করা হয়।


​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, মহাসড়কের পাশের এই হোটেলগুলোতে নিয়মিত তদারকি না থাকায় এরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। অস্বাস্থ্যকর ও পচা খাবার খেয়ে প্রতিনিয়ত ডায়রিয়া, ফুড পয়জনিং সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ যাত্রীরা।


​অবিলম্বে এই রয়েল রূপালী হাইওয়ে রেস্টুরেন্ট-এ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জরুরি অভিযান পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন মহাসড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রী ও চালকদের।


এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, নিউ রয়েল রুপালি হোটালের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তদন্ত করা হবে এবং তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/কাইয়ুম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com