
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে এবং শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মের সৃজনশীল চিন্তা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশে এ কর্মসূচি সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]