
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসন, যাত্রী হয়রানি প্রতিরোধ, সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অবৈধ দখলমুক্ত কার্যক্রম জোরদারের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় ভালুকা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পলাশসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিল্প-কারখানার প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সভায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মহাসড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র যানবাহন পার্কিং, সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখল, ফুটপাত দখল এবং অপরিকল্পিত যান চলাচলের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী যানজটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা বলেন, মহাসড়কে যানজটের কারণে প্রতিদিন হাজারো যাত্রীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিবহন সংশ্লিষ্ট অনিয়ম ও যাত্রী হয়রানির অভিযোগও বাড়ছে। এসব সমস্যা সমাধানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় যাত্রীসেবার মান উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, অবৈধ পার্কিং বন্ধ, সড়কের শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা এবং মহাসড়কের অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত প্রদান করা হয়।
আলোচনা শেষে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, যানজট নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা গেলে জনদুর্ভোগ কমার পাশাপাশি শিল্পাঞ্চল হিসেবে ভালুকার অর্থনৈতিক কার্যক্রমও আরও গতিশীল হবে।
সাজ্জাদুল আলম খান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]