
শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আল মুহতাছিম সাইফ (১৭) তুচ্ছ ঘটনার জেরে সংঘবদ্ধ যুবকদের হামলায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকালে সাইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
এর আগে, সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাইফ দমদমা কালিগঞ্জ মহল্লার বাসিন্দা।
জানা গেছে, ২৯ মে বিকেল ৪ টার দিকে শেরপুরের তাতালপুর বিএম রোড এলাকায় দাঁড়িয়ে ছিলেন সাইফ। এ সময় নাঈম মিয়া (১৯), পাপ্পু (২০) স্বপন (২১) ও আরমান (২০) ওই স্থানে দাঁড়িয়ে ছবি তুলবে বলে সাইফকে সরে যেতে বলে। সাইফ সরে যেতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটি শুরু হয় এবং যুবকরা তাকে মারধর করে। একপর্যায়ে মোবাইল ফোনে আরও ১০-১৫ জনকে ডেকে এনে দেশীয় অস্ত্র দিয়ে সাইফকে মারধর করে ও রাস্তার পাশে জমে থাকা মাঠের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা করে। এতে সাইফ চিকৎকার করলে লোকজন ছুটে আসে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রেখে হামলাকারীরা পালিয়ে যায়। সাইফকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে মারধরের ঘটনায় গত ৬ জুন ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন সাইফের মা রেবেকা সুলতানা।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]