
নেত্রকোনা শহরের উত্তর কাটলী এলাকায় বাসায় প্রবেশ করে মনোয়ারা বেগম (৫৫) চায়না নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী আবু চানঁ ও ছেলে মুন্না গুরুতর আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর কাটলী এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। ওই সময় হামলাকারী বাসায় ঢুকে গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
হামলার সময় গৃহবধূর স্বামী আবু চানঁ তার বড় ছেলে আনোয়ারকে ফোন করে বাসায় হামলার বিষয়টি জানান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আবু চানঁ ও তার ছেলে মুন্নাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান।
এ সময় হামলার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়রা আব্দুর রশিদ নামের এক রিকশাচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের খাটের নিচ থেকে মনোয়ারা বেগম চায়নার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল সরকার বলেন, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]