অতিরিক্ত ভাড়া আদায়ে ৪ বাস কাউন্টারকে জরিমানা
প্রকাশ : ৩১ মে ২০২৬, ২০:২৯
অতিরিক্ত ভাড়া আদায়ে ৪ বাস কাউন্টারকে জরিমানা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঈদ-পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাসের টিকিট কাউন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার পাগলার মুখ, তেঁতুলতলা, জোলগাঁও ও কালিবাড়ি বাজার এলাকায় স্থাপিত বিভিন্ন পরিবহনের বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পায়। এ সময় চারটি কাউন্টারের মালিককে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে ঝিনাইগাতী থানা-পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক বলেন, যাত্রীদের ভোগান্তি ও হয়রানি রোধে নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায় বা অন্য কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


স্থানীয় যাত্রীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com