
ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে সেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’ আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। এ সময় তিনি কোনো কথা বলতে না পেরে অঝোরে শুধু কেঁদেছেন।
আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা শ্রমিক দলের সভাপতি ও জেলার বাসকোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, রামিসার খুনি সোহেল রানাযেহেতু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং অপরাধ স্বীকার করেছেন অতএব সরকারের নির্বাহী ক্ষমতায় প্রকাশ্যে ঢাকার জিরো পয়েন্টে ফাঁসি কার্যকর করা হোক। হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় সরকার ও পুলিশকে ধন্যবাদ জানান বক্তারা।
একইসঙ্গে বাংলাদেশের আনাচে-কানাচে যেসব হত্যাকাণ্ড, ধর্ষণ ও শিশুহত্যা হয় সেসব ঘটনার অপরাধীকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও আইনের আওতায় আনা দাবি জানানো হয়।
তারা আরও বলেন, রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না।’ তাই আমরা মনে করি, রাষ্ট্রকে প্রমাণ করতে হবে এই রাষ্ট্রে অপরাধীদের, ধর্ষকদের বিচার হয় এবং আগামীতে আর একটি রামিসাও যেন নৃশংসতার শিকার না হয় সেজন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]