
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াসিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মে বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো. ইয়াসিন ভিকটিমের বসতঘরে প্রবেশ করে। পরে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভিকটিমের বাবা-মা বাড়িতে ফিরে এলে তরুণী ইশারা-ইঙ্গিতে ঘটনার বিষয়টি তাদের জানায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আইনগত ব্যবস্থা নিতে ১১ মে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর একই দিন দুপুর ১টার দিকে অভিযুক্ত মো. ইয়াসিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. ইয়াসিন ঘাটের কোনা গ্রামের বাসিন্দা। তার মায়ের নাম শাহানা বেগম।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবার্তা/হুমায়ুন/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]