
দিনাজপুরে মহান মে দিবসের নাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়া আব্দুস সালাম নামে এক রোগীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে টেস্টি ট্রিট নামে একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) সকাল সোয়া ১০টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ১ মে শুক্রবার দুপুর থেকে এই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
নিহত আব্দুস সালাম (৬০) শহরের হাউজিং মোড়ের মৃত সোবহান আলীর ছেলে। তিনি গার্ক চক্ষু হাসপাতাল কর্মকর্তা ছিলেন।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মহান মে দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে আলোচনা সভা শেষে কর্মকর্তা ও কর্মচারীদের ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ নাস্তা প্রদান করে গার্ক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। নাস্তা গুলো দিনাজপুর শহরের সিএন্ডবি মোড়ে অবস্থিত টেস্টি ট্রিট নামক রেস্টুরেন্ট থেকে আনা হয়। নাস্তা খাওয়ার পর দুপুর থেকে রাত পর্যন্ত হাসপাতালে একে একে ৬০ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতাল, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ও জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মৃত্যুবরণ করেন।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নুরনবী জানান, সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে টেস্টি ট্রিট রেস্টুরেন্টের ম্যানেজার, কর্মচারী ও ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ কোম্পানির এক কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা জানান, টেস্টি ট্রিটের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]