ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতে রাস্তায় হাঁটু পানি, দুর্ভোগে পথচারী
প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২:১৮
ফুলবাড়ীতে সামান্য বৃষ্টিতে রাস্তায় হাঁটু পানি, দুর্ভোগে পথচারী
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সামান্য বৃষ্টি হলেই সড়ক দেখলে মনে হবে পার হতে লাগবে নৌকা। এমন দৃশ্য চোখে পড়ে দিনাজপুরের উপজেলার পৌর শহরের প্রধান সড়কে। হালকা বৃষ্টিতে হাঁটু পানি জমে যেন খাল বা ছোট জলাশয়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ফুলবাড়ী পৌরসভার উর্বশী সিনে কমপ্লেক্স এলাকা ও কালীবাড়ী বাজার এলাকার রাস্তার পিচ-সুরকি উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


পৌর সদরের সড়ক উচু না করে নির্মাণ ও সড়কর দুই পাশে নড়বড়ে ড্রেনেজ ব্যবস্থায় সামান্য বৃষ্টি হলেই সড়কগুলোতে পূর্ব থেকে অসংখ্য গর্তের সৃষ্টির কারণে পানি জমে খালে পরিণত হয়ে যায়।


উর্বশী সিনে কমপ্লেক্স এলাকা ও কালীবাড়ী বাজার এলাকার রাস্তায় কাদা পানি জমে থাকায় চলাচল করতে পারছেন না পথচারীরা। পায়ে হেঁটে তো দূরের কথা ঝুঁকি নিয়ে রিকশা ও ইজিবাইজক দিয়েও চলাচল করাও কঠিন হয়ে পড়েছে পথচারীদের।


সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাশয় সৃষ্টি হয়ে কাদায় একাকার হয়ে গেছে। সড়কের মধ্যে পানি জমায় জনসাধারণের হেঁটে যাবার কোনো সুযোগ নেই। এ কারণে সড়কের দুই পার্শ্বের ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন তাদের ব্যবসা নিয়ে। সড়কে পানি জমে থাকার কারণে তাদের ব্যবসা লাটে উঠেছে।


সড়কের বেহাল অবস্থার কারণে পৌর সদরের স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন গ্রাম থেকে আসা জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কার না করা, সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানি জমে সড়কে বেহালদশায় পরিণত হয়। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় পৌরসভার বিভিন্ন মহল্লার সড়কের ওপর। ফলে উর্বশী সিনে কমপ্লেক্স থেকে দক্ষিণ বাসুদেবপুর ও ফুলবাড়ী বাজারের মধ্যে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পৌর সদরের ভিতরে প্রত্যেকটি রাস্তা যেন ঠিক একই অবস্থা। কে দেখবে আমাদের এ দুর্ভোগ? এমনই অভিযোগ স্থানীয়দের।


কালীবাড়ী সড়কের রড, সিমেন্ট ও টিন ব্যবসায়ী ফিরোজ চৌধুরী ও বাদ্যযন্ত্রের ব্যবসায়ী বাপ্পি দাস বলেন, বাজার সড়ক এলাকার সড়কের ওপর বৃষ্টির পানি জমে থাকায় পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে। সব চেয়ে বেশি দুর্ভোগে পড়ছে এ পথে চলাচলকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।


উর্বশী সিনে কমপ্লেক্স এলাকার কিশোর লাইব্রেরীর স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক বলেন, সামান্য বৃষ্টিতে সড়কের ওপর হাঁটু পানি জমে থাকায় ফুলবাড়ী পৌরশহরের সঙ্গে দক্ষিণ বাসুদেবপুর এলাকার মানুষের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সড়কের ওপর জমে থাকা পানির জন্য এলাকাবাসীকে অন্যপথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে।


ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন বলেন, সড়কের দুইপাশ উচুঁ এবং সড়ক নিচু হওয়ায় বৃষ্টি হলেই সড়কের ওপর পানি জমছে। সড়কের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হবে। একইভাবে কালীবাড়ী সড়কের রাস্তাটি সংস্কার পূর্বক পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।


বিবার্তা/অমর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com