অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে কৃষির বিকল্প নাই : এমপি বাবুল
প্রকাশ : ০৩ মে ২০২৬, ২০:১৫
অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে কৃষির বিকল্প নাই : এমপি বাবুল
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান দেশে অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করতে কৃষির কোন বিকল্প নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সেই সময়ে খাল খনন কর্মসূচি করেছিলেন এবং সারাদেশে সেই কর্মসূচির মাধ্যমে কৃষির একটা বিপ্লব ঘটেয়েছিল।’


রবিবার (৩ মে) দুপুরে জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর রজনীর দোলা ডারা ঝুড়ির বিল হয়ে উত্তর দিকে রত্নাই নদী পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।


বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তাবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার খাল পুনঃখনন হবে।


অনুষ্ঠানে রোকন উদ্দিন আরও বলেন, ‘সেই কর্মসূচির মাধ্যমে আমরা দেশে কৃষির বিপ্লব ঘটাব। বাস্তবে দেখা যায়, বর্ষা মৌসুমে পানির মাত্রা বেশি হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়। এখন আমরা সেখান থেকে মুক্ত হব। আবার দেখা যায়, শুষ্ক মৌসুমে বোরো আবাদের সময় পানির অভাবে আমরা সেচ দিতে পারি না। খনন করলে তখন খালে পানি থাকবে আর আমরা ফসলে পানি দিতে পারব।’


‘পাশাপাশি খাল খননের কারণে আমরা সেখানে মাছ চাষ করতে পারব, তখন দেশে একটা অর্থনৈতিক সফলতা বয়ে আনবে সেটা আমরা দেখতে পারব। ইতিপূর্বে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই এলাকায় খাল খনন কর্মসূচি করেছিল।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। একসময় দেশের গ্রামাঞ্চলে কৃষি, মৎস্য ও গ্রামীণ অর্থনীতির প্রধান প্রাণশক্তি ছিল অসংখ্য খাল। এই খালগুলো সেচের পানি সরবরাহ করত, মাছ উৎপাদনের সুযোগ সৃষ্টি করত এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে জলপথ যোগাযোগও বজায় রাখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশের হাজার হাজার খাল ভরাট হয়ে গেছে, অনেকগুলো দখল হয়ে গেছে, কিংবা নাব্যতা হারিয়ে ফেলেছে। ফলে কৃষি উৎপাদন, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ জীবিকার ওপর এর গভীর নেতিবাচক প্রভাব পড়েছে।’


‘নির্বাচনি প্রচারণার অঙ্গীকার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শুরু হওয়া ‘খাল কাটা কর্মসূচি’ এই বাস্তবতার মধ্যেই একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে সামনে এসেছে। এই কর্মসূচির লক্ষ্য শুধু খাল পুনঃখনন করা নয়; বরং দেশের ঐতিহ্যবাহী পানিব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে তাকে খাদ্যনিরাপত্তা, পুষ্টি উন্নয়ন, পরিবেশগত স্থিতিশীলতা ও গ্রামীণ জীবিকার শক্তিশালী ভিত্তিতে পরিণত করা।’


রোকন উদ্দিন বলেন, ‘খাল খননের পাশাপাশি আমার নির্বাচনি এলাকায় রাস্তা-ঘাট, মসজিদ ও মন্দিরের ব্যাপক উন্নয়ন করা হবে।’


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী প্রমুখ।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com