শিক্ষা ও অর্থনীতির নতুন পথ দেখাবে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়: ত্রাণমন্ত্রী দুলু
প্রকাশ : ০২ মে ২০২৬, ১৭:১৮
শিক্ষা ও অর্থনীতির নতুন পথ দেখাবে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়: ত্রাণমন্ত্রী দুলু
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‎​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের শিক্ষা, অর্থনীতি ও কর্মসংস্থানে আমূল পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট তথা সমগ্র উত্তরাঞ্চলে আধুনিক শিক্ষা ও বিশ্বমানের অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।


‎​শনিবার (২ মে) সকালে লালমনিরহাটে অবস্থিত এএইউবি’র মূল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।


‎আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে ‎​প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, লালমনিরহাট একসময় মঙ্গাপীড়িত ও পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে পরিচিত ছিল। কিন্তু আজ এখানে মহাকাশ গবেষণার মতো উচ্চতর শিক্ষার সুযোগ তৈরি হয়েছে।


‎তিনি আরও বলেন, আমরা লালমনিরহাটকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার করেছি,অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি তার অন্যতম এক বড় ভিত্তি। এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে অত্র এলাকায় যোগাযোগ অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্যের যে জোয়ার সৃষ্টি হবে, তাতে করে স্থানীয় জীবনযাত্রার মান বহুগুণ বেড়ে যাবে। এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


‎​বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি ও গবেষণাগার পরিদর্শন শেষে মন্ত্রী দুলু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী। তোমাদের হাতেই তৈরি হবে আমাদের নিজস্ব স্যাটেলাইট ও উন্নত বিমান প্রযুক্তি। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে জ্ঞান আহরণ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষকদের পরামর্শ দেন শিক্ষার্থীদের মাঝে মানবিকতা ও দেশপ্রেমের বীজ বপন করার জন্য।


‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অ্যাভিয়েশন ম্যাগাজিন 'SPACE & BEYOND'এর মোড়ক উন্মোচন করেন ত্রানমন্ত্রী। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে ভিডিও চিত্র প্রদর্শিত হয়।


‎​বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ​উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ ​রংপুরের বিভাগীয় কমিশনার, ​জেলা ও বিভাগীয় পর্যায়ের উচ্চপদস্থ সামরিক, এএইউবি পরিবারের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ।


‎উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও, ৩ জুলাই ২০২২ তারিখ থেকে লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম শুরু করে এএইউবি। বর্তমানে ৪টি অনুষদের অধীনে ৪টি স্নাতক ও ৫টি স্নাতকোত্তর কোর্স সফলভাবে পরিচালিত হচ্ছে। এই বর্ণাঢ্য উদযাপন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।


বিবার্তা/‎হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com