গৌরীপুরে চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে গ্রামবাসী
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২১:১৮
গৌরীপুরে চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে গ্রামবাসী
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে ধারাবাহিক চুরির ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। বিশেষ করে গরু ও স্বর্ণালংকার চুরির একাধিক ঘটনায় লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়ছেন ভুক্তভোগীরা।


সর্বশেষ শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ইউনিয়নের গঙাশ্রম গ্রামে মৃত আছিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি ষাঁড় ও একটি গর্ভবর্তী গাভি চুরি হয়। চুরি যাওয়া গবাদিপশুর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা।


এর আগে ১৬ এপ্রিল একই ইউনিয়নের মতিউর রহমান মাস্টারের বসতঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও রুপার গহনা চুরির ঘটনা ঘটে।


এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও চোরাইকৃত গরু উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।


অন্যদিকে বাংলা নববর্ষের দিন ভোরে একই ইউনিয়নের পুম্বাইল গ্রামে একাধিক গোয়ালঘরে চুরির ঘটনা ঘটে। কামাল হোসেনের গোয়ালঘর থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের দুটি গাভী, মোস্তফা মিয়ার গোয়ালঘর থেকে ১ লাখ টাকা মূল্যের একটি ষাঁড়, ওমর ফারুকের গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার একটি ষাঁড় ও একটি গাভি, আব্দুল আজিজের গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ টাকার দুটি গাভি এবং মোজাম্মেল হকের গোয়ালঘর থেকে ৬০ হাজার টাকার একটি গাভি চুরি হয়।


একই রাতে গাঁওরামগোপালপুর গ্রামের আব্দুল হেলিমের গোয়ালঘর থেকেও প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি যায়।


এছাড়া গত কয়েকদিনে ইউনিয়নের বিভিন্ন গ্রামে আরও বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। শহিদুল ইসলামের প্রায় ৫ লাখ টাকা মূল্যের দুটি ষাঁড়, একটি বকনা বাছুর ও একটি গাভি, মামুন মিয়ার একটি ষাঁড় বাছুর এবং হাবিবুর রহমানের একটি ষাঁড় ও পাঁচটি বকনা বাছুর চুরি হয়েছে।


একাধিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি যাওয়া সম্পদ উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।


বিবার্তা/হুমায়ুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com