
ঠাকুরগাঁওয়ে ৩ দফা দাবিতে ফটক সভা ও বিক্ষোভ মিছিল করেছেন চিনিকল শ্রমিকরা।
ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর আয়োজনে রবিবার (৫ এপ্রিল) দুপুরে মিলগেট চত্বরে এ ফটক সভাটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে- দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমী জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে পূর্বের ন্যায় অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয় করা, পে-কমিশনের ন্যায় মজুরি, কমিশনের শ্রমিকদেরও অবিলম্ববে বিশেষ সুবিধার ১৫% (পনের শতাংশ) টাকা প্রদান এবং অবিলম্বে সাশ্রয় নীতি ২০১৬ আদেশ প্রত্যাহার করে পূর্বের ন্যায় ২০০২ সালের সেট আপ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য সুবিধাদি প্রদানের দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফটক সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস।
এসময় বক্তব্য দেন ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিকদের সুরক্ষা প্রয়োজন। তাই আগামী ১০ দিনের মধ্যে এ ৩ দফা দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তারা।
এসময় ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কোষাধ্যক্ষ জাকিউল আলম, সমাজকল্যাণ সম্পাদক শাহাজাহান আলী সহ কেবিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিধান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]