
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জ্বর, কাশি ও শরীরে র্যাশ নিয়ে অসুস্থ হওয়া এসব শিশুকে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. দেবাশীষ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে রয়েছে—ডিমলা উপজেলার বালাপাড়া গ্রামের আয়েশা আক্তারের পাঁচ মাস বয়সি ছেলে মিজান মিয়া এবং সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের পঞ্চপুকুর গ্রামের লিজু বেগমের দুই বছরের ছেলে জিহাদ বাবু।
এছাড়া পৌর এলাকার দেবীরডাঙ্গা কাঞ্চনপাড়া মহল্লার এক বছরের শিশু রাইয়ান, বাবলি আক্তারের দুই বছরের ছেলে আব্দুল জোবায়ের, আড়াই বছরের মাইশা এবং দুই বছরের সম্রাট ইসলাম চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই দিনে এসব শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সংক্রমণের আশঙ্কায় তাদের আইসোলেশন বিভাগে রাখা হয়েছে। ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা হামে আক্রান্ত কি না।
শিশু জিহাদের মা লিজু বেগম জানান, প্রথমে জ্বর, পাতলা পায়খানা ও সর্দি-কাশি ছিল। আগাম সতর্কতা হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকালে হঠাৎ শরীরে র্যাশ ও ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকরা হামের আশঙ্কার কথা জানান।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল বলেন, আবহাওয়া পরিবর্তনের সঙ্গে শিশুদের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, এর মধ্যে হাম একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। ছয় শিশুকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তারা হামে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে, তবে পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ডা. দেবাশীষ বলেন, শিশুদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নমুনা ইতোমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে।
হাসপাতালের উপপরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. আব্দুল্লাহেল মাফি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও জানান, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকা সবচেয়ে কার্যকর। শিশুদের জ্বর, কাশি বা শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
বিবার্তা/হেদায়েতুল্লা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]