অভিনব কৌশলে জ্বালানি তেল বহনের সময় প্রশাসনের কাছে ধরা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৬:১০
অভিনব কৌশলে জ্বালানি তেল বহনের সময় প্রশাসনের কাছে ধরা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেলের পেছনে লাগানো ট্রাংকের ভেতরে অভিনব কৌশলে তেল বহনের সময় জ্বালানি তেল জব্দ করেছে স্থানীয় জনগণ ও উপজেলা প্রশাসন।


শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় পৌরসভার মালাদাম রোডের এশিয়া ডিস্টিলারিজ গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের পেছনে থাকা অস্বাভাবিক বড় ট্রাংক দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা মোটরসাইকেলটিকে থামানোর চেষ্টা করলে চালক প্রথমে ইতস্তত করতে থাকে। পরে স্থানীয়দের চাপে ট্রাংক খুলে দেখা গেলে ভেতরে সুকৌশলে লুকানো ৩টি প্লাস্টিকের জারিকেন ভর্তি পেট্রোল পাওয়া যায়। তেল উদ্ধারের পরপরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ভিড়ের সুযোগে মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।


এক প্রত্যক্ষদর্শী জানান, বেশ কয়েকদিন ধরেই এ ধরনের তেল পাচারের বিষয়টি নজরে ছিল। তার দাবি, গত ৭–৮ দিন ধরে বোদা উপজেলার সোবহানাকা পাম্প থেকে মোটরসাইকেলের মাধ্যমে অবৈধভাবে তেল সরবরাহ করা হচ্ছিল। শুক্রবার সকালে তিনি কৌশলে মোটরসাইকেলটি অনুসরণ করে ধাক্কামারা এলাকায় এসে সেটির গতিরোধ করেন। তবে পরে জনতার ভিড়ের সুযোগে চালক পালিয়ে যায়।


স্থানীয় গণমাধ্যমকর্মীদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। তিনি পঞ্চগড় পৌরসভার মালাদাম রোডের এশিয়া ডিস্টিলারিজ গেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখতে পান, জনাব হাবিবুর রহমানসহ স্থানীয়রা একটি তেলবাহী মোটরসাইকেল আটক করেছেন। পরবর্তীতে জব্দকৃত তেল পরিমাপ করে ৫৮ লিটার পেট্রোল নিশ্চিত করা হয়। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওই তেল ন্যায্যমূল্যে বৈধ কাগজপত্র ও ফুয়েল কার্ডধারী মোটরসাইকেল আরোহীদের মধ্যে বিক্রি করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, বিক্রিত তেলের অর্থ সরকারি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে নির্ধারিত কোডে চালানের মাধ্যমে জমা দেওয়া হবে। একই সঙ্গে পলাতক মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন ও পাচারের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ তেল বহনকারী মোটরসাইকেল আটক করতে যারা সাহসিকতার সঙ্গে এগিয়ে এসেছেন এবং আইন প্রয়োগে সহযোগিতা করেছেন, তাদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com