
গাইবান্ধা শহরে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধ করেছে বাইকাররা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে শহরের আর রহমান ফিলিং স্টেশনের সামনে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল থেকেই বেশ কিছু মোটরসাইকেল চালক ওই পেট্রোল পাম্পে জ্বালানি তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তেল সরবরাহ না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পাম্প কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির কারণে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানায়। এতে অপেক্ষারত বাইকারদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে বেশ কয়েকজন বাইকার পাম্পের সামনের সড়কে অবস্থান নেন এবং ১০ মিনিটরের জন্য জন্য যান চলাচল বন্ধ করে দেন। অবরোধে ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অফিসগামী মানুষ ও পণ্যবাহী যানবাহনগুলো এতে ভোগান্তিতে পড়ে।
খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে বাইকারদের সঙ্গে কথা বলে তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হয়। পরে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেন, সাময়িক যান্ত্রিক ত্রুটির কারণেই পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ ছিল। পাম্প কর্তৃপক্ষকে দ্রুত সমস্যার সমাধান করে পুনরায় তেল সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]