
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর শিবলী কায়েস।
তিনি জানান, মাদক সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন - উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার রোস্তম আলীর ছেলে রুহুল আমিন (২১), ঘোড়ামারা লালদিঘী এলাকার মৃত আজিজুল শেখের ছেলে আইয়ুব শেখ (৪০), বোগদহ কলোনি এলাকার কলিমুদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমান (৪৫) এবং ফুলবাড়ি ইউনিয়নের ফতেউল্লাহপুর এলাকার মৃত ওয়াহেদুল প্রধানের ছেলে রোমান প্রধান (২৮)।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় রুহুল আমিন ও আইয়ুব শেখকে সাত দিন, মোস্তাফিজার রহমানকে দুই মাস এবং রোমান প্রধানকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]