
পঞ্চগড় শহরের প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে হঠাৎ করেই বাজারের টিনপট্রি রোড়ে একটি হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ৬টি দোকান পুড়ে যায়। এর মধ্যে ১টি কাপড়ের দোকান, ১ টিনের দোকান ও ৪টি হার্ডওয়ারের দোকান রয়েছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা করে। পরে বোদা ও আটোয়ারী উপজেলার আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । ততক্ষণে কয়েকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সর্বস্ব পুড়ে গেছে। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এখন তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত সরকারি সহায়তার দাবি জানান তারা।
পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত ছয়টি দোকানে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটকের কারণে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান তিনি।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বুধবার (২৫মার্চ) সকাল ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বাজার ও দোকান পরিদর্শন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সাথে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দোকান পুড়ে গেছে তারাই বোঝে ক্ষতির পরিমাণ কেমন। এটা সহযোগিতা করে পূরণ করা সম্ভব নয়। যেখানেই কোন দুর্ঘটনা ঘটুক না কেন দলমত, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রশাসন বলুন আর যে কেউ হোক আমরা সবাই মিলে এক হয়ে ছুটে গিয়ে সহযোগিতা করবো যেন কোন ভাবেই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এখানে চেম্বার অব কমার্স, বণিক সমিতি সহ সকলে মিলে আমরা ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবো। আশা করি তারা কিছুটা ক্ষতি সামলে উঠতে পারবেন। গতকাল অগ্নিকাণ্ড নিভানোর সময় আমাদের দলীয় নেতা কর্মীরা ছিলেন তারা সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের বলেছি, আপনারা জেলা প্রশাসন বরাবর আবেদন দেন। আপনাদের ক্ষতিপূরণ করা তো সম্ভব নয় যতটুকু পারি আমরা আপনাদের পাশে দাঁড়াবো।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মোসা শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন সহ দলীয় নেতাকর্মীরা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল সহ দলীয় নেতাকর্মীরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]