কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২১:৩৭
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাউদা খাতুন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।


রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার চর রাজিবপুর ইউনিয়নের বটতলা কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হারুয়া বাড়ি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৫) তার স্ত্রী মোছা. ঝরণা বেগম (৩০) ও মেয়ে সাউদা খাতুনকে নিয়ে একটি পালসার মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রৌমারীর উদ্দেশ্যে রওনা দেন।


পথে বটতলা কারিগরপাড়া এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।


দুর্ঘটনায় সাইফুল ইসলাম ও তার স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। এ সময় তাদের মেয়ে সাউদা খাতুনের ডান হাত ভেঙে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।


স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সেখানে নেওয়ার পথেই সাউদা খাতুনের মৃত্যু হয়।


খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।


বিষয়ে চর রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া বলেন, দুর্ঘটনায় আহত শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com