
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬–২৮ মেয়াদকালের প্রথম কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মো. ওয়াশিম মিয়া সভাপতি ও মো. জাহিদুল হক মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মো. ইমরান হাসান রাব্বী। এর আগে ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিনাইগাতী উপজেলার উত্তরণ পাবলিক স্কুল প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অনলাইন মাধ্যমেও ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা হাফেজ উদ্দিন জানান, ঝিনাইগাতী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এটিই প্রথম অ্যালামনাই সংগঠন। এই নির্বাচনে এ বিদ্যালয়ের ২০০৩ থেকে ২০২৫ সালের মোট ৩৫৪ জন প্রাক্তন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে মো. ওয়াশিম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও সাধারণ সম্পাদক পদে মো. জাহিদুল হক মনির ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফাল্গুনী আহমেদ মনি পেয়েছেন ৮৭ ভোট।
কমিটির সহসভাপতি হিসেবে জান্নাতুল রাদিয়া বর্ষা ও মো. জসিম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান খান ও সারাফ আনিসা অপূর্ব, সাংগঠনিক সম্পাদক পদে মো. সোহেল রানা নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাসিব আল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক পদে কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত রিফাত, ক্রীড়া সম্পাদক ইমন হাসান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আরাফাত আক্তার তামান্না, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা মলি, জনসংযোগ সম্পাদক পদে রিফাত হাসান, সদস্য হিসেবে রাফিয়ান সরকার সিডর, আবুল কাশেম, জুবায়ের আহসান জিয়ন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো. ওয়াশিম মিয়া ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির সকল প্রাক্তন শিক্ষার্থী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, উত্তরণ পাবলিক স্কুলের অ্যালামনাই সংগঠনকে আরও সুসংগঠিত করা, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে অবদান রাখাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]