
মাদক, দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর ইনজামুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান প্রমুখ।
কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী বলেন, জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, সরকারি সেবার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে সতর্ক থাকতে হবে।
একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যক্রম জোরদার করা হবে।
সভায় বক্তারা জেলার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।
বিবার্তা/আতাউর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]