রেমিট্যান্স আহরণে এগিয়ে ভালুকা কৃষি ব্যাংক, বাড়ছে আমানত
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:৪৩
রেমিট্যান্স আহরণে এগিয়ে ভালুকা কৃষি ব্যাংক, বাড়ছে আমানত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকা উপজেলা এলাকায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ কৃষি ব্যাংক। উপজেলার ছয়টি শাখার মাধ্যমে ইতোমধ্যে প্রায় অর্ধলক্ষ কৃষকের মাঝে প্রায় ৩১২ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়েছে।


ব্যাংক সূত্রে জানা গেছে, এ ঋণের মাধ্যমে গড়ে পাঁচ সদস্যের একটি পরিবার হিসেবে প্রায় আড়াই লাখ কৃষক ও কৃষক পরিবারের সদস্য সরাসরি উপকৃত হয়েছেন। এতে গ্রামীণ দারিদ্র্য বিমোচন এবং কৃষক পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে উপজেলার কৃষি ব্যাংকের শাখাগুলো উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।


ভালুকা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মো. রুহুল আমিন রানা জানান, করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সাল থেকে শুরু করে গত অর্থবছর পর্যন্ত সরকারের ঘোষিত স্বল্পসুদে বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ব্যাপক হারে ঋণ বিতরণ করা হয়েছে। এ সহায়তা কৃষকদের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বড় ধরনের ভূমিকা রেখেছে।


তিনি বলেন, কৃষি খাত স্বাভাবিকভাবেই একটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। প্রাকৃতিক দুর্যোগ, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি কিংবা বন্যার মতো নানা কারণে অনেক সময় কৃষকের পক্ষে কৃষিঋণ সময়মতো পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। ফলে বিতরণ করা ঋণের একটি নির্দিষ্ট অংশ খেলাপি হয়ে যায়।


এ ধরনের ঋণ আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ডিমান্ড নোটিশ, লিগ্যাল নোটিশসহ অন্যান্য নোটিশ প্রদান করে থাকে। এছাড়া ১৯১৩ সালের পিডিআর (পাবলিক ডিমান্ডস রিকভারি) আইনের আওতায় খেলাপি ঋণ আদায়ের জন্য আদালতে উল্লেখযোগ্য সংখ্যক সার্টিফিকেট মামলাও দায়ের করা হয়েছে।


অন্যদিকে আমানত সংগ্রহের ক্ষেত্রেও ভালুকা উপজেলার কৃষি ব্যাংকের শাখাগুলো ভালো অগ্রগতি অর্জন করেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিগত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে প্রতিটি শাখায় আমানতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।


রেমিট্যান্স আহরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ কৃষি ব্যাংক। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ৫৭টি তফসিলি ব্যাংক থাকলেও বিদেশ থেকে রেমিট্যান্স সংগ্রহে কৃষি ব্যাংক বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ তাদের পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিতে ব্যাংকটি কাজ করছে। একই সঙ্গে সরকার ঘোষিত নির্ধারিত হারে প্রণোদনাও প্রদান করা হচ্ছে।


ব্যাংক সূত্র আরও জানায়, পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর উপলক্ষে যেসব গ্রাহক রেমিট্যান্স গ্রহণ করবেন, তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।


ভালুকা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. রুহুল আমিন রানা বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ সহায়তার মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়াতে আমরা নিরলসভাবে কাজ করছি। ভালুকা উপজেলার কৃষি ব্যাংকের শাখাগুলো গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


বিবার্তা/সাজ্জাদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com