পঞ্চগড়ে একই জমিতে আলু-ভুট্টার আবাদ
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১৪:৩৫
পঞ্চগড়ে একই জমিতে আলু-ভুট্টার আবাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে একই জমিতে ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে আলুর চাষ করে লাভবান হচ্ছেন পঞ্চগড়ের চাষিরা। এতে করে খরচের পরিমানও কম হচ্ছে। ফলনেরও কোন সমস্যা হচ্ছে না। জমির বহুমুখী ব্যবহারে পাশাপাশি বাড়ছে চাষিদের আয়ও। নতুন পদ্ধতিতে যে জমিতে দুই ফসল হতো সেখানে এখন চার ফসল চাষাবাদ করা যাচ্ছে । একসাথে আলু-ভুট্টার চাষের পরে ওই জমিতে পাট-মিষ্টি কুমড়া চাষাবাদ এবং তারপরে আমন চাষাবাদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের পঞ্চগড় স্যাটেলাইট স্টেশনের অধিনে পঞ্চগড় সদর উপজেলার মৌলভিপাড়া এলাকায় সফলভাবে এই চার ফসল চাষচক্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এলএসটিডি প্রকল্পের অধিনে একজন চাষি এক একর জমিতে নতুন এই পদ্ধতিতে চাষাবাদ করেছেন। প্রথমবারেই দারুন ফলনে উচ্ছসিত তিনি। তাকে দেখে এখন অন্যরাও এই পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত হচ্ছেন।
চাষি সারোয়ার হোসেন বলেন, আগে আমাদের জমিগুলোতে আমরা দুই ফসল চাষাবাদ করতাম। ভুট্টার পরে আমন ধান রোপন এভাবেই চলেছে বছরের পর বছর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের একটি প্রকল্পের মাধ্যমে আমরা জানতে পারি এই জমিগুলো থেকেই বছরে চার ফসল আবাদ সম্ভব। এবার আমি আলু ও ভুট্টা একসাথে চাষ করেছি জোড়া সারি পদ্ধতিতে। প্রতি বিঘা জমিতে যে পরিমাণ বীজ রোপন করা যায় এখানেই তাই করা যায়। বাড়তি পাওনা সার কম খরচ হয় এবং একসাথে দুটো ফসল একই জমি থেকে উত্তোলন করা যায়। আমার এক একর জমিতে এখন আলু উত্তোলন শুরু করেছি। এতো ভালো আলু অন্য জমিতে হয় নি। ভুট্টা গাছগুলোরও মোটাতাজা ও সতেজ হয়ে উঠেছে। আশা করছি অন্যদের চেয়ে ভালো ভুট্টা উৎপাদন হবে। তারপরে পাট ও মিষ্টি কুমড়া চাষ করে আমন ধান রোপন করবো। এই পদ্ধতিতে আমাদের গতানুগতিক কৃষির ধারণা পাল্টে দিয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা দেলোয়ার হোসেন পায়েল বলেন, জোড়া সারি আলু ভুট্টা চাষাবাদের মাধ্যমে আমরা সফলভাবে একই জমিতে চার ফসল চাষের দারুন সম্ভাবনা খুঁজে পেয়েছি। কৃষকের উৎপাদনশীলতা বাড়ানো এবং লাভবান করাই আমাদের মুল উদ্দেশ্য বলে জানান তিনি।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন বলেন, একই সাথে আলু ভুট্টার চাষসহ এই পদ্ধতি পঞ্চগড়ের কৃষি অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। জমির ঠিক রেখে সুষম ও বহুমাত্রিক ব্যবহার আর বাড়তি ফসল চাষ কৃষকদের লাভবান করবে।



বিবার্তা/বিপ্লব/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com