স্ত্রীকে হত্যার পর মরদেহ বিছানায় রেখে আগুন, স্বামী আটক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১০:৫৭
স্ত্রীকে হত্যার পর মরদেহ বিছানায় রেখে আগুন, স্বামী আটক
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত তাহমিনা আক্তার তানিয়া (৩৫) দুই সন্তানের জননী। তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।


ঘটনার সময় তাদের দুই সন্তানই নানাবাড়িতে অবস্থান করছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে স্বামী হোসেন তাইফুর ধারালো অস্ত্রসহ বিভিন্ন বস্তু দিয়ে তাহমিনার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।


হত্যার পর মরদেহ বিছানায় রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামী হোসেন তাইফুরকে আটক করে।


নিহত তাহমিনার ছোট ভাই তুহিন ফয়সাল জানান- ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। কারন তাইফুর একজন মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এর জন্য তাহমিনা বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতেন। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্বামীর বাড়িতে আসেন তাহমিনা। এরপরই এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে।


এ ঘটনায় নিহতের স্বজনরা জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com