
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালিয়ে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ রেজিয়া বেগম (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রেজিয়া বেগম (৩২) দিনাজপুর জেলার হাকিমপুর থানার নয়াপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স চাপড়ীগঞ্জ এলাকায় রাজা পেপার মিলের পূর্ব পার্শে ঢাকা-রংপুর মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী মা বাবার দোয়া নামের একটি সিএনজি (রেজিঃ বগুড়া-থ-৬০৭১) থামানোর জন্য সিগনাল দেয়। এসময় সিএনজির ভেতরে থাকা এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী কনস্টেবলের মাধ্যমে তার হাতে থাকা একটি কালো স্কুল ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতরে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ৯৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশনগুলো সংগ্রহ করে অধিক লাভের আশায় বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ৮(গ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]