
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এবং গোপনে মোবাইলে অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ রঞ্জু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ।
জানা গেছে, ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে। সে ৪ মাস আগে ওই শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ওই ছাত্রীর পরিবারের খোঁজ খবর নেওয়ার বাহানায় তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
গত ১৮ ডিসেম্বর সকালে অধ্যক্ষ ওই ছাত্রীকে ফোন করে জানায়, উপবৃত্তি ফরমে স্বাক্ষর করার জন্য জরুরি ভিত্তিতে তাকে পান্থাপাড়ায় অধ্যক্ষের বাসায় আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কথায় সরল বিশ্বাসে সে সকাল সাড়ে ১১টার দিকে অধ্যক্ষের বাসায় যায়। বাসায় কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ রঞ্জু মিয়া তাকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় অত্যন্ত কৌশলে মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার ধর্ষণ করা হয়। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে তাকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে পরপরই আসামিকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক এস এম গালিব হাসান শুনানী শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]