সারাদেশ
পানি উন্নয়ন বোর্ডের প্রতি মানুষের নেতিবাচক ধারণা পাল্টানো হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৫
পানি উন্নয়ন বোর্ডের প্রতি মানুষের নেতিবাচক ধারণা পাল্টানো হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিগত সময়ের অব্যবস্থাপনার কারণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা পরিবর্তনের ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। তিনি জানিয়েছেন, বিশেষ করে নদী ও খাল খনন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং জনকল্যাণ নিশ্চিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার দুলালতলী বাঁধ এলাকার খাল পুনর্খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।



প্রতিমন্ত্রী বলেন, আমাদের পানি উন্নয়ন বোর্ড সম্বন্ধে মানুষের একটা খারাপ ধারণা আছে। আমরা সেই পারসেপশন থেকে বিভাগটিকে ফিরিয়ে আনবো। অনেকেই প্রশ্ন করেন যে, বর্ষার সময় কেন নদী বা খাল খনন করা হয় বা ব্লকেজ ফেলা হয়, যা আসলে কোনো কাজে আসে না। আমরা স্পষ্ট করতে চাই, এখন থেকে নদী, খাল ও জলাশয় খননের কাজ চলবে বছরে ছয় থেকে সাত মাস—মূলত ফেব্রুয়ারি থেকে এপ্রিল বা মে মাসের মধ্যে।


তিনি বলেন, বর্ষাকালে জরুরি প্রয়োজন ছাড়া কোনো প্রকার খনন কাজ বা ব্লক ফেলার কাজ করা হবে না। আমরা যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা হাতে নিয়েছি, তা কেবল বর্তমানের জন্য নয়; বরং ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারাও যেন এর সুফল পান, সেভাবেই বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবদের সকাল ৯টার মধ্যে অফিসে পৌঁছাতে হয়। প্রধানমন্ত্রী পৌনে নয়টার মধ্যে অফিসে আসেন।


তিনি বলেন, এর আগে সবাই যে যার ইচ্ছে মত অফিস করতো তবে এখন আর সেই সুযোগ নেই। পর্যায়ক্রমে এই রীতি সারা বাংলাদেশের প্রত্যেকটা অফিসে ছড়িয়ে পড়েছে। আমরা যারা মন্ত্রী হয়েছি আমাদের ঘুম হারাম হয়ে গেছে। সকাল ৯টার মধ্যে অফিস পৌঁছাতে হয়। বিকেল ৪টা পর্যন্ত অফিসে থাকতে হয়। এরপরে মন্ত্রনালয়ের মিটিং তো আছেই। আমরা আশা করবো এই চ্যালেঞ্জটাকে যেন গ্রহণ করে আগামী দিনে সবার জন্য একটা বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারি।


তিনি আরো বলেন, দুর্নীতির টুটি আমি চেঁপে ধরবোই। এই ক্ষেত্রে আমি আপস করবো না। আমি অনুরোধ করেছিলাম আহ্বানও করছি প্রশাসনিক কর্মকর্তাদেরকে। এটাকে গ্রহণ করবেন যারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা যেন আগামী দিনে আরো ভালো জায়গায় প্রশাসনিকভাবে যেতে পারেন এই জায়গায় আমি আপনাদেরকে সাহায্য করবো।
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের সভাপতিত্বে সভায় জেলা বিএনপি আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসার বসুনিয়া প্রমুখ বক্তব্য দেন।


বিবার্তা/বিপ্লব/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com