দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বস্তি ফেরাতে ত্রাণ মন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৬
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বস্তি ফেরাতে ত্রাণ মন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশে তার নির্বাচনী এলাকা লালমনিরহাটের নিম্ন ও মধ্যআয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় স্বল্পমূল্যে খাদ্য পণ্য বিক্রয় কার্যক্রম চালু করেছে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।


বিএনপির নেতৃবৃন্দের নিজ উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এ কার্যক্রম চালু করা হয়েছে।


প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রথম দিনেই স্টলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়, যা সাধারণ মানুষের আগ্রহ ও আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন আয়োজকরা।


স্টলে নির্ধারিত মূল্যে দুধ বিক্রি হচ্ছে প্রতি লিটার ৫০ টাকা, ডিম ৩০ টাকা হালি, জ্যান্ত মুরগি ১৫০ টাকা কেজি, কাটা ব্রয়লার ২২০ টাকা কেজি এবং গরুর মাংস ৬৫০ টাকা কেজি। খোলা বাজারে এসব পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতারা এটিকে রমজান উপলক্ষে তাৎপর্যপূর্ণ সহায়তা হিসেবে দেখছেন।


বড়বাড়ী ইউনিয়নের বাসিন্দা হযরত আলী জানান, বাজারে দুধ ৮০-১০০ টাকা লিটার ও ব্রয়লার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় কম দামে পণ্য পাওয়ায় স্বস্তি মিলছে।


একই ইউনিয়নের আলী আকবর বলেন, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এমন উদ্যোগ সময়োপযোগী।


মহেন্দ্রনগরের আব্দুল হাকিম জানান, প্রতিটি ইউনিয়নে এ ধরনের উদ্যোগ থাকলে হতদরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হতো।


পঞ্চগ্রাম ইউনিয়নের আব্দুল কাদের জানান, এমন কার্যক্রম বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি।


বড়বাড়ী ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান জানান, টাটকা ও ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিশেষ তদারকি রাখা হয়েছে। যাতে সাধারণ মানুষ রমজানে ইফতার ও সেহরির প্রস্তুতি স্বাচ্ছন্দ্যে নিতে পারেন।


ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা জাফরান বলেন, পুরো রমজানজুড়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশনায় এ কার্যক্রম আমরা নিজ উদ্যোগে চলমান রাখবো। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই কার্যক্রম।


স্থানীয়দের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে নিম্ন ও মধ্যআয়ের মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com