
বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে একটি অটো রাইস মিলকে জরিমানা এবং তিন মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে উপজেলার রনবাঘা বাজার এলাকায় মেসার্স মায়া মনির অটো রাইস মিলে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এই জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মহি উদ্দিন আহম্মদ ভুঁইয়া।
পরে বিকেলে একই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামের মোজাহার আলী (৪৬), কালিকাপুর গ্রামের সাইফুল (৩৬) ও রনবাঘা এলাকার জাহিদুল ইসলাম (৪৮)।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আসলাম আলী মন্ডল।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]