কারাগারের চিকিৎসা কেন্দ্রে ডিপ্লোমা নার্স দিচ্ছেন ‘প্রেসক্রিপশন’
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১
কারাগারের চিকিৎসা কেন্দ্রে ডিপ্লোমা নার্স দিচ্ছেন ‘প্রেসক্রিপশন’
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট জেলা কারাগারের চিকিৎসা কেন্দ্রে ওষুধের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়ার অভিযোগ উঠেছে ডিপ্লোমা নার্স শরিফুল ইসলামের বিরুদ্ধে।


বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীদের ওষুধের নাম লিখে দিচ্ছেন শরিফুল। একই সঙ্গে কারাগারের অভ্যন্তরে প্রভাব বিস্তার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে।


কারাগার সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে ছুটি চান কারারক্ষী খলিলুর রহমান। তিনি ডিপ্লোমা নার্স শরিফুল ইসলামের কাছে চিকিৎসা ও ছুটির আবেদন করেন।


নার্স শরিফুল ইসলাম ছুটি না দিয়ে ওষুধ সেবনের পরামর্শ দেন এবং প্রেসক্রিপশন লিখে দেন। পরে খলিলুর রহমানের শারীরিক অবস্থা অবনতি হলে তিনি আবার ছুটি চান। এ সময় জেলার ও জেল সুপার ছুটি দেওয়ার কথা বললেও নার্স এতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ। এ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়।


পরবর্তীতে বিষয়টি সাংবাদিকদের নজরে এলে সংশ্লিষ্ট কারারক্ষী খলিলুর রহমানকে গাইবান্ধা জেলায় বদলি করা হয় এবং তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কারারক্ষীদের একটি অংশ।


অভিযোগ রয়েছে, ডিপ্লোমা নার্স শরিফুল ইসলাম লালমনিরহাট জেলা কারাগারের প্রশাসনিক ও দৈনন্দিন কার্যক্রমে অস্বাভাবিক হস্তক্ষেপ করছেন। তার বিরুদ্ধে কথা বললেই বদলি বা শোকজের মুখে পড়তে হচ্ছে। এতে কারারক্ষীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে ডিপ্লোমা নার্স শরিফুল ইসলাম সাংবাদিকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। কারাগারের জেল সুপার ও জেলার সাংবাদিকদের কারাগারে আমন্ত্রণ জানিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন বলে অভিযোগ উঠেছে।


তবে রংপুর বিভাগের ডিআইজি প্রিজন বলেন, সুস্পষ্ট তথ্য ও অভিযোগ থাকলে গণমাধ্যমে প্রচার করুন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রে জানিয়েছে, কারাগারের কিছু কর্মকর্তা অধীনস্থদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। অনেক সময় সন্তানকে স্কুলে আনা-নেওয়া বা বাজারসদাই করানো হয়। এছাড়া কয়েদিদের খাদ্য ব্যবস্থাপনা নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে।


কারাগারের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ আইনশৃঙ্খলা ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির দাবি উঠেছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com