
ময়মনসিংহের ভালুকায় ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। কেবল কেটে সংযোগবিচ্ছিন্ন করা, গ্রাহকদের জোরপূর্বক অন্য নেটওয়ার্কে যুক্ত করার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় দীর্ঘদিন ধরে ঘরছাড়া রয়েছেন ইন্টারনেট ব্যবসায়ী নাজমুল।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকার অরেঞ্জ কমিউনিকেশন এর ব্যবসায়ী নাজমুলের ওয়াইফাই সংযোগ জোরপূর্বক দখলে নিতে চেষ্টা করছেন স্থানীয় ইউপি সদস্য শামসুল মেম্বার ও তার সহযোগীরা।
রবিবার হাজীর বাজার এলাকায় নাজমুলের সংযোগের কেবল কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর দাবি, শামসুল মেম্বারের নেতৃত্বে তার ছেলে তুষার, মুখলেছসহ কয়েকজন সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটায়। এতে কয়েক বছর ধরে অরেঞ্জ কমিউনিকেশনের সেবা নেওয়া একাধিক গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রাহকদের অভিযোগ, গত দুদিন ধরে তারা কোনো সেবা পাচ্ছেন না।
নাজমুল জানান, দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে উপস্থাপন করলে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা মানেননি অভিযুক্তরা। বরং পরবর্তীতে তার ওপর হামলার চেষ্টা করা হয় বলে দাবি করেন নাজমুল।
এ ঘটনায় নাজমুল বাদী হয়ে ভালুকা মডেল থানায় শামসুলসহ পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এলাকাবাসীর দাবি, ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের কারণে যেন সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
বিবার্তা/সাজ্জাদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]