রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৮
রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। এ সময় ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আয়োজক সূত্র জানায়, রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাজারদরের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের স্বস্তির কথা বিবেচনায় রেখেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।


নির্ধারিত সূচি অনুযায়ী পুরো রমজান মাসজুড়ে প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার এ কার্যক্রম চলমান থাকবে। প্রশাসনের তত্ত্বাবধানে নির্দিষ্ট সময় থেকে বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে এবং একজন ক্রেতা নির্ধারিত পরিমাণের বেশি পণ্য কিনতে পারবেন না।


সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। উপজেলা নির্বাহী অফিসার জানান, কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসন নিয়মিত তদারকি করবে।


উদ্বোধনের দিন থেকেই উপজেলা চত্বরে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয়রা আশা করছেন, রমজানজুড়ে এ উদ্যোগ অব্যাহত থাকলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।


বিবার্তা/সাজ্জাদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com