
নাটোরের গুরুদাসপুরের গণমানুষের নেতা ধারাবারিষা ইউনিয়নের মৃত তামেজ উদ্দিনের ছেলে মো. আব্দুল আজিজ। কৃষক পরিবারে জন্ম নেওয়া এই নেতা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম পেরিয়ে এবার জাতীয় সংসদে পৌঁছেছেন। তৃণমূল রাজনীতি থেকে সংসদ সদস্য হওয়ার এ যাত্রাকে স্থানীয়রা আস্থা, গ্রহণযোগ্যতা ও ধারাবাহিক জনসম্পৃক্ততার প্রতিফলন হিসেবে দেখছেন।
১৯৮৬ সালে মাত্র ২৫ বছর বয়সে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু। এরপর টানা চারবার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে প্রায় দুই দশক ইউনিয়নের নেতৃত্ব দেন তিনি। অবকাঠামো উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
২০১৪ সালে বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। গুরুদাসপুরের পাশাপাশি বড়াইগ্রামেও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেন তিনি।
২০১৮ সালে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলেও তার পদত্যাগপত্র গৃহীত না হওয়ার অজুহাতে মনোনয়নপত্র বাতিল করা হয়। রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি থেমে যাননি। দীর্ঘ সময় ধরে গণসংযোগ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেন।
২০২২ সালের ৪ ফেব্রুয়ারি হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার শিকার হন আব্দুল আজিজ। নৃশংস সেই হামলার পরও রাজনৈতিক হয়রানি ও ঝুঁকি উপেক্ষা করে তিনি রাজনীতির ময়দান ছাড়েননি।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে বেসরকারিভাবে ৩৫ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন আব্দুল আজিজ। তিনি মোট ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পান ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট।
বিজয়ের পর আব্দুল আজিজ বলেন, এ বিজয় দুই উপজেলাবাসীর। এ বিজয় বিএনপির তারেক রহমান-এর। এটি বড় দায়িত্ব। নেতাকর্মী ও সাধারণ ভোটাররা যেভাবে আমার পাশে ছিলেন, আগামী দিনেও পাশে থাকলে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব, ইনশাআল্লাহ।
বিবার্তা/জনি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]