যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৮
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
তালা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালা উপজেলার কলিয়া বাজারে ইউনিয়ন যুবদলের ভাড়া নেওয়া আঞ্চলিক কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছেন যুবদল নেতারা।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়ন যুবদলের সাইনবোর্ড নামিয়ে কার্যালয়ে তালা দেওয়া হয় বলে জানান তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ।


দোকানঘরের মালিক ইমরুল কবির বলেন, তিনি তার দোকানঘরটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সবুজের কাছে ভাড়া দেন। সেটি যুবদলের আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তিনি দাবি করেন, রবিবার ভোরে জামায়াত নেতা ও গ্রাম ডাক্তার আবতাফ উদ্দিনের ইন্ধনে ৮২১ ও ৮২২ দাগের দোকানঘর দখল করা হয়।


ইমরুল কবির আরও জানান, দোকানঘরটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং দলিল, খাজনা ও রেকর্ড তাদের নামে রয়েছে। মামলার বিবাদী হিসেবে ইয়াছিন মোড়ল, ইসহাক মোড়ল ও আয়ুব মোড়লের নাম উল্লেখ করেন তিনি।


তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, জামায়াত নেতা ও গ্রাম ডাক্তার আবতাফ উদ্দিন, নুরুল ইসলাম (নুরু), ইয়াছিন মোড়ল, ইসহাক মোড়ল ও আয়ুব মোড়লসহ অজ্ঞাত কয়েকজন কার্যালয় দখল করেছেন। সকালে গিয়ে তিনি দেখেন সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে এবং দোকানে অন্য একটি তালা ঝুলছে। ভেতরে থাকা দলীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার বাইরে ফেলে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


অভিযোগের বিষয়ে ইয়াছিন মোড়ল বলেন, দোকান ও জমি তার কেনা সম্পত্তি। কয়েক মাস আগে ইমরুল কবির যুবদলের কাছে ভাড়া দেন, যা তিনি দখল হিসেবে দেখছেন। রবিবার সকালে তিনি দোকানে তালা দেন এবং সেখানে ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।


জামায়াত নেতা ও গ্রাম ডাক্তার আবতাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি ভিত্তিহীন। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।


বিবার্তা/সেলিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com