
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের হ্যাঁ পক্ষে প্রচারণা হিসেবে কাল উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে এক নির্বাচনী জনসভায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-১ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুসহ নেতাকর্মীরা পাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীরের আগমন ঘিরে জনসভাকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। পাশাপাশি মঞ্চ তৈরির কাজ চলছে।
আনোয়ারুল ইসলাম রাজু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই জেলার নীলফামারী ১, ২, ৩, ৪ এবং লালমনিরহাট ১, ২ ও ৩ আসনের ৭ জন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের পক্ষে তিস্তা নদী পাড়ে জনসভায় যোগ দিতে আগামী বুধবার ৪ ফেব্রুয়ারি তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। তিনি হেলিকপ্টার যোগে সকাল ১২টায় পৌঁছাবেন এবং ১২টা ৩০ মিনিটে জনসভায় বক্তব্য রাখবেন। এ সভায় দুই জেলার তিস্তাপাড় সহ প্রায় ৩ লক্ষাধিক নেতাকর্মীসহ এলাকাবাসীর সমাগম হবে।
আনোয়ারুল ইসলাম রাজু আরও বলেন, তিস্তা নদী উত্তরের জীবন রেখা। প্রতি বছর বন্যা ও ভাঙ্গনে বসত ভিটা হারিয়ে হাজার মানুষ পথে বসেন। কয়েক বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথা থাকলে সেটি হচ্ছে না। তবে জামায়াত ক্ষমতায় আসলে এটি বাস্তবায়ন করার ঘোষণা আসবে এই তিস্তা পাড়ের জনসভায়।
এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম বলেন, আমাদের জামায়াতের আমীর সেদিন লালমনিরহাটের তিনজন ও নীলফামারী চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দিবেন। তিনি প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। এছাড়াও দেশের উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে কথা বলবেন তিনি। কর্মসংস্থান মানুষের জীবন জীবিকা সবকিছু নিয়ে আলোচনা করবেন। এ জনসভা হবে আগামীর সবার উন্নয়ন নির্ধারণ করার জনসভা। সেখানে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]