
ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। রোমার মাঠে হারের শঙ্কা তখন প্রবল। কিন্তু ইউরোপের সফলতম ক্লাবটি যে শেষ বাঁশির আগে হাল ছাড়ে না, তার প্রমাণ মিলল আরেকবার। মাত্র সাত মিনিটের মধ্যে তিন গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল হোসে মরিনিয়োর দল।
সাবেক ক্লাবের মাঠে পর্তুগিজ কোচের ফেরাটা হয়ে থাকল স্মরণীয়।
রোমের স্তাদিও অলিম্পিকোয় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের রোমাঞ্চকর ম্যাচে রোমাকে ৪-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল হজম করে চাপে পড়ে স্প্যানিশ জায়ান্টরা। তবে শেষ দিকে কার্লোস এস্পি, এন্দ্রিক ও আন্তোনিও রুডিগারের গোলে দুর্দান্ত প্রত্যাবর্তনের জয় তুলে নেয় ১৫ বারের ইউরোপসেরা দলটি।
ম্যাচটি মরিনিয়োর জন্য ছিল বিশেষ কিছু। রোমার কোচ হিসেবে আড়াই বছর দায়িত্ব পালনের সময় ক্লাবটিকে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন তিনি। তুলেছিলেন ইউরোপা লিগের ফাইনালেও।
সাত বছরের বেশি সময় পর নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামা রোমার সমর্থকরাও ভোলেননি সাবেক কোচকে। ম্যাচের আগে ব্যানার ও স্লোগানে মরিনিয়োকে ভালোবাসা জানান তারা।
তবে মাঠের লড়াইয়ে শুরু থেকেই সাবেক কোচের দলকে চাপে রাখে রোমা।
২০তম মিনিটে মার্তেন ডি রুনের গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। পাঁচ মিনিট পর অবশ্য সমতায় ফেরে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচে গোল করেন এমবাপে। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রোমা। ৫১তম মিনিটে ডনিয়েল মালেনের গোলে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ডাচ ফরোয়ার্ড। ৩-১ গোলে পিছিয়ে পড়ে তখন রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে রিয়াল।
ব্যবধান কমানোর চেষ্টায় আক্রমণ চালাতে থাকে মরিনিয়োর দল। ৬৭তম মিনিটে আরেকবার বল জালে পাঠান এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। এরপরও হাল ছাড়েনি রিয়াল। শেষ দিকে বদলি হিসেবে নামা ফুটবলারদের নৈপুণ্যে বদলে যায় ম্যাচের চিত্র।
৮৩তম মিনিটে আর্দা গুলেরের কর্নার থেকে এন্দ্রিকের হেড ঠেকিয়ে দেন রোমা গোলরক্ষক পিয়েরলুইজি গোল্লিনি। ফিরতি বল জালে পাঠান কার্লোস এস্পি। শুরুতে গোলটি বাতিল হলেও পরে তা বৈধ ঘোষণা করা হয়।
দুই মিনিট পর আবার গুলেরের কর্নার থেকে হেডে সমতা ফেরান এন্দ্রিক। অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে তখন জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। ৮৯তম মিনিটে আরেকটি কর্নার থেকে আসে কাঙ্ক্ষিত গোল। এবারও বল বাড়ান গুলের। দারুণ এক অ্যাক্রোবেটিক শটে বল জালে পাঠান রোমার সাবেক ডিফেন্ডার রুডিগার।
মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় অলিম্পিকোর গ্যালারি। আর উল্লাসে মেতে ওঠেন রিয়ালের ফুটবলাররা। মাত্র সাত মিনিট আগেও দুই গোলে পিছিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে।
এই ম্যাচের আগে অবশ্য ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে বিতর্কে জড়ান মরিনিয়ো। গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের এক ফুটবলারের চুল টানার ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
রোমার বিপক্ষে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ঘোষণা করায় স্পেনের ফুটবল কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন রিয়াল কোচ। তিনি বলেন, ‘এখন তারা নির্লজ্জের মতো এসব করছে। ম্যাচের দুই ঘণ্টা আগে একজন খেলোয়াড়কে জানতে হচ্ছে, সে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছে। সিদ্ধান্তটা কি আগে নেওয়া যেত না? কিংবা পরদিন সকালে? স্টেডিয়ামে পৌঁছানোর প্রায় শেষ মুহূর্তে এসে আমাদের কেন এটা জানতে হবে?’
রাতের আরেক ম্যাচে আরেকটি বড় অঘটন ঘটিয়েছে নরওয়ের বোদো/গ্লিম্ট। নিজেদের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়েছে তারা। আসপমিরা স্টেডিয়ামে ম্যাচের ৫২তম মিনিটে জয়সূচক গোলটি করেন ফ্রেদরিক শিওভোল্ড।
২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ ডর্টমুন্ড শেষ আধ ঘণ্টায় ম্যাচে ফেরার চেষ্টা করলেও পারেনি। শেষ দিকে ফেলিক্স এনমেচা একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন।
ইউরোপের বড় দলগুলোকে নিজেদের মাঠে হারানোর অভ্যাস যেন গড়েই তুলেছে বোদো/গ্লিম্ট। এর আগে ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও স্পোর্তিংয়ের মতো দলকেও হারিয়েছে নরওয়ের ক্লাবটি।
আরেক ম্যাচে যুদ্ধের কারণে নিজেদের দেশে ইউরোপিয়ান প্রতিযোগিতার ম্যাচ আয়োজন করতে না পারা শাখতার দোনেৎস্ক এবার নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছে চেলসির স্ট্যামফোর্ড ব্রিজকে।
লন্ডনের এই মাঠে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেই জয় পেয়েছে ইউক্রেনের ক্লাবটি। পিছিয়ে পড়েও গ্রিসের এইকে এথেন্সকে ৩-১ গোলে হারিয়েছে শাখতার।
২৮তম মিনিটে লোভরো মায়ারের গোলে এগিয়ে যায় এইকে। তবে ছয় মিনিট পর পেনাল্টি থেকে সমতায় ফেরান পেদ্রিনিয়ো। ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস তোবিয়াস। দূরহ কোণ থেকে দারুণ শটে বল জালে পাঠান তিনি।
এরপর বদলি হিসেবে নামা গ্লেইকার মেন্দোসার গোলে জয় নিশ্চিত করে শাখতার। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ভেতরে ঢুকে জোরালো শটে গোল করেন তিনি।
লিগের আরেক ম্যাচে স্পেনের সেভিয়ায় রোমাঞ্চকর লড়াইয়ে পোর্তোকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল বেতিস। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ দিকে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইসকো।
বিরতির পর অসাধারণ এক গোলে বেতিসকে এগিয়ে নেন আবদে এজ্জালজুলি। বক্সের এক কোণা থেকে দূরের পোস্টের ওপরের দিকে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি। পরে দারুণ এক ফ্রি কিকে পোর্তোকে সমতায় ফেরান গাব্রিয়েল ভেইগা। গোলের পর তার উদযাপন ঘিরে দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হলুদ কার্ড দেখেন তিনজন।
বদলি হিসেবে নেমে মাত্র দুই মিনিটের মধ্যেই পোর্তোর হয়ে আরেকটি গোল করেন সামু আগেহোয়া। ৭৪তম মিনিটে বেতিসকে সমতায় ফেরান আরেক বদলি ফুটবলার কুচো এরনান্দেস। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন ইসকো।
জয়ের ধারা ধরে রাখল স্টুটগার্ট, জিতল ফেইনুর্ডও। স্লোভাকিয়ার মাঠে স্লোভান ব্রাতিস্লাভাকে ৩-০ গোলে হারিয়েছে স্টুটগার্ট। এই জয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে শতভাগ সাফল্যের ধারা ধরে রাখল জার্মান ক্লাবটি।
আরেক ম্যাচে ঘরের মাঠে ইতালির কোমোকে ৩-২ গোলে হারিয়েছে ফেইনুর্ড। পিছিয়ে পড়ার পর ডাচ ক্লাবটির ঘুরে দাঁড়ানোর নায়ক আনিস হাজ মুসা। জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]