অন্তর্বর্তী সরকার প্রধানসহ উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: নাহিদ ইসলাম
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ২০:১৮
অন্তর্বর্তী সরকার প্রধানসহ উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: নাহিদ ইসলাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ওই সরকারের সব সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। একই সঙ্গে ‘গণহত্যা ও সন্ত্রাসের দায়ে’ দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরুর আহ্বান জানান তিনি।


বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছে। ওই সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।


সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের মুখোমুখি হয়ে একদল লোকের বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরির ঘটনার পরিপ্রেক্ষিতে এ দাবি জানান নাহিদ।


স্থানীয় সময় সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. ইউনূসকে ঘিরে ধরেন কয়েকজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিউইয়র্ক কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজনকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে ইউনূসকে হুইলচেয়ার ঘুরিয়ে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।


এ ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রের’ বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’


বিবৃতিতে নাহিদ আরও বলেন, দেশের জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে কোনও পরিবর্তন আসেনি। অতীতের অপকর্মের জন্য দলটির মধ্যে ন্যূনতম অনুশোচনার লক্ষণও নেই।


তিনি বলেন, দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে গুম ও খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে।


একই সঙ্গে ‘গণহত্যা ও সন্ত্রাসের দায়ে’ দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করার দাবি জানান এনসিপির আহ্বায়ক।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। পরে সরকার থেকে পদত্যাগ করে তিনি জাতীয় নাগরিক পার্টি গঠন করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com