
জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটের পাশাপাশি মূল্যস্ফীতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, শুধু জ্বালানি সংকট নয়, গত ছয় মাসে সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, ‘শুধু জ্বালানি সংকট নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি করতে পারেনি সরকার। বরং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্র সংস্কারের ওয়াদা দিয়ে ক্ষমতায় এলেও বিএনপি বিগত সরকারের মতো দলীয়করণ করে ভয়ংকর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, দেশের মানুষ জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকট এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে চরম দুর্ভোগে রয়েছে। সরকারের উচিত এসব সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া।
এ সময় সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।
এ ছাড়া জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের সব মহানগর এলাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]