
নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশের কার্যকর সক্ষমতা বৃদ্ধি এবং আরও দায়িত্বশীল ও তৎপর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর জনমনে গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে। একটি শিশু নিখোঁজ হওয়ার পর তার পরিবার যে অসহায়ত্ব ও উৎকণ্ঠার মধ্যে পড়ে, তা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।
নেতৃদ্বয় বলেন, নিখোঁজের প্রতিটি ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত ও অনুসন্ধান পরিচালনা করা পুলিশের দায়িত্ব। নিখোঁজ শিশুকে উদ্ধারের ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ, তথ্য সংগ্রহ, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান, আন্তঃজেলা সমন্বয় এবং সম্ভাব্য সব স্থানে দ্রুত অভিযান পরিচালনায় পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে।
তারা বলেন, শুধু নিখোঁজের সংখ্যা নিয়ে পরিসংখ্যানগত ব্যাখ্যা দেওয়া যথেষ্ট নয়; প্রতিটি নিখোঁজ শিশুর অবস্থান শনাক্ত ও তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে পুলিশের কোনো ধরনের গাফিলতি, দীর্ঘসূত্রতা বা দায়িত্বহীনতা গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষায়িত তদন্ত ও অনুসন্ধান সক্ষমতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, থানাগুলোতে দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা কার্যকর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর দাবি জানান।
তারা একই সঙ্গে নিখোঁজ শিশুদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ ও নিয়মিত তদন্তের অগ্রগতি জানাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]