সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০১:১৯
সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলশান থেকে আটক জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইন-এর একটি মামলার এজাহারনামীয় আসামি। ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায়ও তিনি সন্দেহভাজন আসামি।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আটকের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছি। আর কোনো মামলা আছে কি না, সেটি আমরা খতিয়ে দেখছি।’


নূর মোহাম্মদ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন তিনি। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে নূর মোহাম্মদ, তাঁর স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com