গেণ্ডারিয়ায় কিশলয় চারুকলা কেন্দ্রের ২২তম বার্ষিক প্রদর্শনী শুরু হচ্ছে আজ
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭
গেণ্ডারিয়ায় কিশলয় চারুকলা কেন্দ্রের ২২তম বার্ষিক প্রদর্শনী শুরু হচ্ছে আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার 'গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা’ পরিচালিত কিশলয় চারুকলা কেন্দ্রের উদ্যোগে ২২তম বার্ষিক চারুকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ।


৮ দিনব্যাপী বর্ণিল উৎসবটি আজ শুক্রবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়ে চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।


কিশলয় চারুকলা কেন্দ্রের ৩ থেকে ১৫ বছর বয়সি খুদে শিক্ষার্থীরা প্রদর্শনীতে অংশগ্রহণের আগে বরেণ্য চিত্রশিল্পীদের তত্ত্বাবধানে বিশেষ কর্মশালায় অংশ নেয়। সেখানে নিবিড়ভাবে ছবি আঁকার অনুশীলনের পর প্রতিটি শিক্ষার্থীর আঁকা ‘সেরা চিত্রকর্মটি’ প্রদর্শনীর জন্য নির্বাচিত করা হয়। এবছরের প্রদর্শনীর প্রস্তুতি হিসেবে গত ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল, যার উদবোধন করেন বরেণ্য চিত্রশিল্পী শহিদুল ইসলাম, স্থপতি ও চিত্রশিল্পী আরিফ আনোয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রভাষক ও সহকারী প্রক্টর চিত্রশিল্পী জাকিয়া আহমেদ ঝুমা।


শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য চিত্রশিল্পী আবদুর রাজ্জাক প্রধান। উদ্বোধনী পর্বে কিশলয় ললিতকলা কেন্দ্রের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি কিশলয় চারুকলা কেন্দ্রের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।


প্রদর্শনী চলাকালীন প্রতিদিন নানা বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে সকাল ৮টায় নববর্ষের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু, কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি আবু তাহের বকুল এবং কিশলয় ললিতকলা কেন্দ্রের প্রধান শিক্ষক গোলাম জিলানী।


১৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করবেন গেণ্ডারিয়ার শিল্পীরা।


১৭ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উৎসবের শেষ দিনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য চিত্রশিল্পী ও সেন্টার ফর ডেভেলপিং ম্যানেজমেন্ট এক্সিলেন্স-এর চেয়ারম্যান এস এ এম শওকত হোসেন, বরেণ্য চিত্রশিল্পী ও শিল্পসমালোচক মঈনুদ্দীন খালেদ এবং বরেণ্য চিত্রশিল্পী টি. এ. কামাল কবির।


১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সাধারণ কার্যদিবসে (রবি-বৃহস্পতি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং ছুটির দিনে (শুক্র-শনি) সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।


এবারের প্রদর্শনীর সাজসজ্জার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে "গণচিত্র", যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে মেলার সব স্তরের সদস্যগণ।


কিশলয় চারুকলা কেন্দ্রের অধ্যক্ষ সাধনা ইসলাম এবং গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার সভাপতি এ এম শফিউর রহমান দুলু সকল শিল্পানুরাগী ও শুভাকাঙ্ক্ষীকে এই উৎসবে উপস্থিত থেকে ক্ষুদে শিল্পীদের অনুপ্রাণিত করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com