রমজান মাসে বইমেলা ‘ব্যবসায়িক আত্মহত্যা’
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০
রমজান মাসে বইমেলা ‘ব্যবসায়িক আত্মহত্যা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রমজান মাসে অমর একুশে বইমেলা আয়োজনকে ‘ব্যবসায়িক আত্মহত্যা’ হিসেবে অভিহিত করেছেন প্রকাশকরা। মেলা পিছিয়ে ঈদুল ফিতরের পর আয়োজনের দাবি জানিয়েছে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে লেখা এক চিঠিতে এই দাবি জানানো হয়।


দেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের স্বাক্ষরিত ওই চিঠিতে প্রকাশনা শিল্প রক্ষায় তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এতে প্রকাশকরা উল্লেখ করেন, নির্বাচনের কারণে গত দুই মাস দেশের ছাপাখানাগুলো নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় সৃজনশীল বই উৎপাদনের কাজ পুরোপুরি বন্ধ ছিল। এ ছাড়া কাগজের আকাশচুম্বী দাম ও আনুষঙ্গিক সংকটে প্রকাশকরা এমনিতেই দিশেহারা। এমন বাস্তবতায় বিদায়ী প্রশাসন ও বাংলা একাডেমি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনে অনড়, যা রমজান মাসে পড়বে।


রোজার কারণে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রকাশকরা শঙ্কিত। ফলে মেলা পাঠকশূন্য ও নিষ্প্রাণ হওয়ার আশঙ্কা রয়েছে। চিঠিতে বলা হয়, দেশের ৯০ শতাংশ প্রকাশক মনে করছেন, এই সময়ে মেলায় অংশগ্রহণ করা হবে তাদের জন্য ব্যবসায়িক আত্মহত্যার শামিল। আমরা মেলা বর্জন করতে চাই না। আমরা চাই একটি সফল ও অন্তর্ভুক্তিমূলক মেলা।
চিঠিতে বিএনপির শাসনামলে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একুশে পদক ও স্বাধীনতা পদক প্রবর্তন এবং খালেদা জিয়ার সময়কালে ‘জাতীয় গ্রন্থকেন্দ্র আইন’ ও ‘তরুণ লেখক প্রকল্প’ গ্রহণের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। প্রকাশকরা আশা প্রকাশ করেন, নতুন সরকার জ্ঞানভিত্তিক ও মেধা-নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রকাশনা শিল্পের এই ক্রান্তিকালে পাশে দাঁড়াবে।


প্রকাশক ঐক্যের পক্ষ থেকে চিঠিতে দুটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়। তা হলো– ২০ ফেব্রুয়ারি থেকে ঘোষিত ‘নামমাত্র’ বইমেলা স্থগিত করার নির্দেশনা এবং ঈদুল ফিতরের পর উৎসবমুখর পরিবেশে ও সব প্রকাশকের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ ও প্রাণবন্ত বইমেলা আয়োজনের ব্যবস্থা গ্রহণ।
চিঠিতে তারেক রহমানের উদ্দেশে প্রকাশকরা বলেন, আপনার একটি সুচিন্তিত সিদ্ধান্ত কেবল হাজারো প্রকাশককে দেউলিয়া হওয়া থেকে বাঁচাবে না, বরং প্রমাণ করব, নতুন সরকার জ্ঞান, সৃজনশীলতা এবং জনমতের প্রতি কতটা শ্রদ্ধাশীল।


চিঠিতে সই করেছেন মেছবাহউদ্দীন আহমদ (আহমদ পাবলিশিং হাউস), এ কে নাসির আহমেদ (কাকলী), মাজহারুল ইসলাম (অন্যপ্রকাশ), মনিরুল হক (অনন্যা), জসীম উদ্দিন (কথাপ্রকাশ), মোহাম্মদ নাজিম উদ্দিন (বাতিঘর প্রকাশনী), মো. মোবারক হোসেন (প্রথমা প্রকাশন), দীপঙ্কর দাশ (বাতিঘর), মাহরুখ মহিউদ্দীন (ইউপিএল), মাহাবুব রাহমানসহ (আদর্শ) দেশের প্রথম সারির ১৪টি প্রকাশনা সংস্থার কর্ণধার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com