
ঝকঝকে ত্বক পেতে অনেকেই ঘন ঘন ফেসিয়াল করান। কেউ আবার মাসে একবার। কেউ আবার কোনও বিশেষ দিনের আগে ফেসিয়াল করান। কিন্তু প্রশ্ন একটাই মাসে কতবার ফেসিয়াল করানো নিরাপদ? ডার্মাটোলজিস্টদের মতে, ফেসিয়াল উপকারী হলেও অতিরিক্ত করালে উপকারের চেয়ে ত্বকের জন্য তা ক্ষতিকর হবে।
ত্বক বিশেষজ্ঞরা বলছেন ,স্বাভাবিক ও শুষ্ক ত্বকের ক্ষেত্রে মাসে একবার ফেসিয়াল করলেই যথেষ্ট। অন্যদিকে ত্বক যদি হয় তৈলাক্ত বা ব্রণপ্রবণ তাহলে দুই মাসে একবার বা চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেসিয়াল করা ভালো।
যাদের ত্ব খুব সংবেদনশীল তাদের নিয়মিত ফেসিয়াল না করাই ভালো। প্রয়োজনে খুব হালকা ক্লিন-আপ করতে পারেন।
বেশি ফেসিয়ালে যেসব সমস্যা হয়
বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন স্ক্রাব, স্টিম ও কেমিক্যাল ব্যবহারের ফলে ত্বকের স্বাভাবিক ক্ষমতা নষ্ট হতে পারে। ঘন ঘন এক্সফোলিয়েশন ত্বকের উপরিভাগের প্রাকৃতিক তেল সরিয়ে দেয়। এর ফলে ত্বকে শুষ্কতা, জ্বালা ও লালচে ভাব দেখা যায়। অতিরিক্ত ম্যাসাজ ও ভারী পণ্য ব্যবহার রোমকূপ বন্ধ করে দেয়। এর ফলে ব্রণ বেড়ে যায়। বিভিন্ন কেমিক্যাল বা সুগন্ধি একসঙ্গে বারবার লাগালে অ্যালার্জির ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন অতিরিক্ত ফেসিয়াল করলে দীর্ঘস্থায়ী জ্বালার সমস্যা দেখা দিতে পারে।
বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, ত্বকের নিজে থেকে সুস্থ হতে প্রায় ৩–৪ সপ্তাহ সময় লাগে। এই সময়ের আগেই বারবার ফেসিয়াল করলে স্বাভাবিক কোষ পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত হয়।
যেভাবে নিরাপদ থাকবেন
ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল বেছে নিন
মাসে একবারের বেশি গভীর ফেসিয়াল এড়িয়ে চলুন
ব্রণ বা জ্বালার সমস্যা থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নিন
ফেসিয়ালের পর রোদ এড়িয়ে চলুন ও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]