
রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় রিমান্ড শেষে মুনতারিন ফেরদৌস ডরিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ডরিন ‘ভারতে খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
তিন দিনের রিমান্ড শেষে ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ।
আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওইদিন বিকালে আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিক কর্মক্রমে বিঘ্ন ঘটে। আসামিরা পরস্পর যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।
এতে আরো বলা হয়, ঘটনাস্থল থেকে ককটেলের পোড়া অংশ, টিনের টুকরা, ১২টি তারকাটা ও একটি ছোট কাঁচের টুকরা উদ্ধার করা হয়। গ্রেফতার করা আসামি আওয়ামী লীগ সমর্থক এবং দেশের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ষড়যন্ত্রে জড়িত। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]