
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে তৃতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) সাঈদ খোকনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক অভিযোগ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে সাঈদ খোকনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি তদন্ত কর্মকর্তার।
আবেদনে আরও বলা হয়, আগের দুই দফায় ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সাঈদ খোকন মামলার মূল বিষয় এড়িয়ে গেছেন। বিভিন্ন সময়ে ভিন্ন তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত এবং মামলার গতিপথ অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছেন। এজাহারভুক্ত পলাতক আসামিদের অধিকাংশকে চিনলেও তিনি তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য দেননি।
সাঈদ খোকনের দেওয়া তথ্যের সত্যতা যাচাই, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও মামলার গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
গত ১৭ নভেম্বর সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। একই দিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে ২৪ নভেম্বর তাকে আবার আদালতে আনা হয়। সেদিন দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে রোববার তৃতীয় দফায় রিমান্ড আবেদন করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালিব। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট তার বাবা আবদুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। সাঈদ খোকন এ মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]