জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৬:২৫
জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

জুলাই হত্যা মামলায় রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।


এর আগে একই দিন সাবেক এই শিক্ষামন্ত্রীকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত মামলার কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল। আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে সাবেক এই শিক্ষামন্ত্রীকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।


মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। ওই সময় আওয়ামী লীগ ছাড়াও নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এ ঘটনায় সাদিকুল ইসলাম ইসলাম নামে উত্তরার জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার এক শিক্ষার্থী পেটে গুলিবিদ্ধ হন।


পরবর্তীতে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই সাদিকুলের মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় এই হত্যা মামলা করা হয়।


উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


ওই সময় পুলিশের এই কর্মকর্তা জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com